ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল চারটার পর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভারমন্টের একটি কেন্দ্র ভোটদানের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি চালু হওয়া প্রথম কেন্দ্র।

স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) আরও কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হবে। এর মধ্যে আছে কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রজুড়ে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৮০ লাখের বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের মোট সংখ্যার তুলনায় এবার অনেক বেশি ভোট পড়েছে।

নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোট গ্রহণ হবে। আর সিনেটের ১০০টি আসনের মধ্যে নির্বাচন হবে ৩৫টিতে। এর মধ্যে ৩৩টি আসনে নিয়মিত নির্বাচন হবে। বাকি দুটি শূন্য আসন।

গার্ডিয়ান লিখেছে, এবারের নির্বাচনটি কার্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের ওপর একটি গণভোটে পরিণত হয়েছে। প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি ডেমোক্র্যাটদের চাপের মুখে পড়বেন।

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কংগ্রেসের উভয়কক্ষে ডেমোক্র্যাটদের অন্তত চারটি করে নিট আসন বাড়ানো প্রয়োজন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বর্তমানে রিপাবলিকানদের হাতে ২১৮ ও ডেমোক্র্যাটদের আছে ২১৪টি আসন। অন্যদিকে সিনেটে ডেমোক্র্যাট ও তাদের মিত্রদের ৪৭টি আসনের বিপরীতে রিপাবলিকানদের হাতে আছে ৫৩টি।

অঙ্গরাজ্যগুলোর মধ্যে সময়ের ব্যবধান থাকায় ফলাফল পর্যায়ক্রমে জানা যাবে। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার দিকে ভোট কেন্দ্র বন্ধ হওয়া শুরু হবে। সবগুলো কেন্দ্র বন্ধ হতে দুপুর ১২টা পেরিয়ে যেতে পারে। অঙ্গরাজ্যগুলোর কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকেই মার্কিন গণমাধ্যমগুলো বুথ ফেরত জরিপ প্রকাশ করতে শুরু করবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular