আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি এফ–১৫ই স্ট্রাইক ঈগল (F-15E Strike Eagle) যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
রবিবার (১ মার্চ) এ ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলার মুখে কুয়েতের একটি কমব্যাট মিশনে থাকা অবস্থায় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান এই দুর্ঘটনার শিকার হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘তিনটি বিমানে থাকা ছয়জন বিমানচালকই নিরাপদে ভূমিতে নামতে সক্ষম হয়েছেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এ ঘটনাটি স্বীকার করেছে এবং চলমান এই অভিযানে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অতিরিক্ত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
রবিবার ১৭: ৩৮ টা
লেবাননের ১৮টি শহরে ইসরায়েলি সেনাবাহিনীর উচ্ছেদের হুমকি
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ১৮টি গ্রাম ও শহরে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দিয়েছে। তাদের দাবি, এই এলাকাগুলো হিজবুল্লাহ ব্যবহার করছে।
ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে রাতভর ইসরায়েলে হামলা চালায়। এর প্রেক্ষিতে ইসরায়েল লেবাননের রাজধানীর উপশহর ও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালায়।
নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩০ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
রবিবার ১৭: ৩৬ টা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ট্রাম্প
চাগোস দ্বীপপুঞ্জের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বিলম্ব করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর মার্কিন প্রেসিডেন্ট ‘খুবই হতাশ’ বলে জানিয়েছেন। শুরুতে স্টারমার আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ওয়াশিংটনকে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে গত রাতে তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং ‘নির্দিষ্ট ও সীমিত উদ্দেশ্যে’ ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ সামিরক ঘাঁটি ‘দিয়াগো গার্সিয়া’ ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত বলে ঘোষণা করেন।
রবিবার ১৭: ৩৯ টা
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন চীনের
ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় চীন ইরানকে সমর্থন করে বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
রবিবার ১৭: ৩২ টা
চতুর্থ মার্কিন সেনার মৃত্যু, জানালো সামরিক বাহিনী
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানে মার্কিন অভিযানে আহত হওয়া চতুর্থ এক মার্কিন সেনা সদস্য মারা গেছেন। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের প্রাথমিক হামলার সময় ওই সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত মারা যান। গতকাল সেন্টকম জানিয়েছিল, ৩ মার্কিন সেনা নিহত ও আরও ৫ জন গুরুতর আহত হয়েছিল।
রবিবার ১৭: ১৯ টা
ইরান লম্বা যুদ্ধের প্রস্ততি নিয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের নাই: আলী লারিজানি

আলী লারিজানি ছবি সংগৃহীত
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, ইরান লম্বা যুদ্ধের প্রস্ততি নিয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের নাই। তিনি আরও বলেন, গত ৩০০ বছরের মতো এবারও ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কোনো আক্রমণে লিপ্ত হয়নি। আমরা যেকোনো মূল্যে আমাদের এবং আমাদের ৬ হাজার বছরের পুরনো সভ্যতাকে কঠোরভাবে রক্ষা করব এবং শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অবশ্যই অনুতপ্ত হবে।
রবিবার ১৬: ৫০ টা
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ
কাতার এনার্জি ঘোষণা করেছে যে তারা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনায় দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার ১৬: ৫০ টা
পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) এএফপির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন বড় শহরে এর প্রতিবাদ শুরু হয়।
দক্ষিণের মেগাসিটি করাচিতে কিছু বিক্ষোভকারী মার্কিন কূটনৈতিক ভবন ঘিরে প্রবেশের চেষ্টা করেন।
এএফপির একজন সাংবাদিক জানান, শত শত ইরানপন্থী আন্দোলনকারী মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে, পুলিশ তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রবিবার ১৬: ৫০ টা
ইরানের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা নিহত: দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইসরায়েলবিষয়ক উপমন্ত্রী সাইয়েদ ইয়াহিয়া হামিদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সোমবার (২ মার্চ) নতুন এক বিবৃতিতে আইডিএফ এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা বিভাগের প্রধান জালাল পোর হোসেইনসহ রেজিমের আরও কয়েকজন নিহত হয়েছেন।
তবে তাদের কখন কীভাবে বা কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আইডিএফ আরও দাবি করেছে, অল্প কিছুক্ষণ আগে তেহরানে ইরানের গোয়েন্দা সদরদপ্তরে আবারও হামলা চালানো হয়েছে।
সূত্র : বিবিসি
রবিবার ১৬: ৫০ টা
গালফ অব ওমানে ইরানের ড্রোন হামলায় ভারতীয় নাবিক নিহত
গালফ অব ওমানে ইরানের একটি ড্রোন মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানলে জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, সুলতানাত ওমানের রাজধানী মাস্কাটের উপকূলের কাছে গালফ অব ওমানে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজটির নাম এমকেডি ভিওম। নিহত নাবিক ভারতীয় নাগরিক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রবিবার ১৬: ৫০ টা
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবনেলরেজা
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মাজিদ এবনেলরেজা।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক্সে এক পোস্টে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনের ডেপুটি মেহদী তাবাতাবাই বলেন, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের আদেশক্রমে, বিপ্লবী গার্ড জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় পূর্বসূরি নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট বিপ্লবী গার্ড জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।




