ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজশাহীরাবির নবান্ন উৎসবে পিঠাপুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাবির নবান্ন উৎসবে পিঠাপুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক:   পিঠাপুলি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে নবান্ন উৎসব। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

ধান কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। পরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা-পুলির সুবাস’।

উৎসব উপলক্ষে কৃষি অনুষদ প্রাঙ্গণে বসে নানা ধরনের পিঠার স্টল। নবান্নিকা, আলকানন্দা, পাতার সেফাই, ক্ষীর পুলির আসর, পিঠার পরশ, শেকড়ের টান, পৌষাল, পিঠার কুটির ও পিঠা মঞ্জুরী নামে সাজানো এসব স্টলে ছিল চন্দ্রপুলি, হৃদয় হরণ, জামাই পিঠা, কুশলী পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধপুলি, গোলাপ পিঠা, রসভরি ও বিস্কুট পিঠাসহ নানা পদের পিঠা। পাশাপাশি ছিল ফিরনি, পায়েস, মোহনভোগ ও দুধ গোকুল।

দিনব্যাপী আয়োজনে পিঠা উৎসবের পাশাপাশি ছিল ধান কাটা, বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। উৎসব ঘিরে সকাল থেকেই কৃষি অনুষদ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী সুমন হোসেন বলেন, প্রতিবছরই আমাদের বিভাগ থেকে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। দিনটি আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করি। এ উপলক্ষে আমরা বাহারি রকমের পিঠা তৈরি ও বিক্রি করি। নবান্ন উৎসব আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অগ্রহায়ণের প্রথম দিনে এমন উৎসব আয়োজন করা আমাদের জন্য গর্বের বিষয়।

বিভাগের আরেক শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা নবান্ন উৎসব পালন করছি। বাঙালি সংস্কৃতিকে বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। দুপুর পর্যন্ত পিঠা উৎসব চলবে। এরপর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা কারণে আমাদের এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও নবান্নের আনন্দ তুলে ধরতেই প্রতিবছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে। নবান্ন উৎসব শুধু আনন্দ-উৎসব নয়, বরং যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করেন, সেই কৃষকদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও শ্রদ্ধা জানানোরও একটি উপলক্ষ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular