নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ ও ২২ এপ্রিল পৃথক ঘটনায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী—মো. রাব্বি ও পলক চন্দ্র দাশ—কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সামনে কয়েকজন কিশোর গ্যাং সদস্য নিয়মিত আড্ডা দিত এবং শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ও মেয়েদের ইভটিজিং করত।
গত ২২ এপ্রিল দুপুরে ক্লাস শেষে বিদ্যালয় থেকে বের হওয়ার সময় রাব্বিকে এলোপাতাড়ি মারধর করা হয়। এর আগের দিন পলক চন্দ্র দাশকেও মারধর করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলার প্রতিবাদে রোববার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
আহত শিক্ষার্থীদের অভিভাবক মো. নুরুল ইসলাম রামগতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা হলো রায়হান, তাওহীদ, তাওসীমসহ ৪–৫ জনের একটি গ্রুপ।
অভিযুক্ত রায়হান চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকার বাসিন্দা। তাওহীদ বড়খেরী ইউনিয়নের কালাপণ্ডিতের হাট এলাকার এবং তাওসীম একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিদ্যালয়ের আশপাশে কোনো কিশোর গ্যাং বা বখাটেদের দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।




