নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলায় টিকাদান ক্যাম্পেইনের আওতায় প্রায় তিন লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে জেলাজুড়ে ২ হাজার ১৮৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ২ লাখ ৯৪ হাজার ২০৫ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী এবং ২ হাজার ১৭৯টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনার জন্য মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
আজ জেলা সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। পরে সেখানে শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন বলেন, ‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অভিভাবকদের অনুরোধ করব, তাঁরা যেন নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করেন।’




