নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৫০ জন চাকুরি পেয়েছেন ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে। এ চাকরি পেতে অনলাইন আবেদন বাবদ মাত্র ১২০ টাকা খরচ হয়েছে।
গত রোববার রাতে জেলা পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়ায় তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।
এতে মেধার ভিত্তিতে ৪৮ এবং মুক্তিযোদ্ধা কোটায় ২ জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।
কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সন্তানরা।
জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষের নিরাপত্তায় অক্টোবর ২০২৪ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়।
এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সন্তানের চাকরি পেয়ে পুলিশ সুপারকে কান্নায় জড়িয়ে ধরেন অনেক অভিভাবক।
চাকরি পাওয়া কয়েকজন বলেন, ‘জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজেদের মেধা ও যোগ্যতায় চাকরি পেয়েছি। এজন্য জেলা পুলিশ বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
চাকরি পাওয়া তরুণ-তরুণীদের অভিভাবক বলেন, ‘ছেলে-মেয়েদের নিয়ে খুবই চিন্তায় ছিলাম। মানুষের কাছে শুনেছি সরকারি চাকরি পেতে হলে অনেক টাকা লাগে। এখন দেখি সব ধারণা ভুল। মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশে চাকরি হবে কখনও চিন্তাও করিনি।’
জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেল ৫০ জন। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে ১২০ টাকা, সেটিই তাদের খরচ। আশা করছি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের জন্য রইলো অনেক শুভকামনা।’
পুলিশ সুপার আরও বলেন, ‘স্মার্ট পুলিশ তৈরি করার জন্য স্বচ্ছভাবে লক্ষ্মীপুরে ৫০ জনকে নিয়োগ দিয়েছি। এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।’



