আজারবাইজানের বাকুতে প্রথমবারের মতো আয়োজিত ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে’ দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের শক্তিশালী দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (২৪ অক্টোবর) বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শারীরিক দিক থেকে এগিয়ে থাকা ওয়েলসের বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখেন গোলরক্ষক শ্রীনাথ সরদার। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান তিনি।
ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, ‘শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়রা আমাদের চেয়ে বেশ এগিয়ে। সেই তুলনায় দলের সবাই দারুণ লড়াই করেছে। ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে পোস্ট সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, লক্ষ্য থাকবে সামনের ম্যাচগুলোতেও ক্লিন শিট বজায় রাখার। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি, দেশের মানুষের কাছে দোয়া চাই।’
ড্র দিয়ে আসর শুরু করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি প্রধান কোচ আকবর হোসেন রিদন। বাফুফের দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছিলাম।’



