নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবারও ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সরওয়ার জামাল নিজাম তার প্রশ্নে জানতে চান, বর্তমানে ‘হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত বিমানবন্দরটির নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি-না। জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
উল্লেখ্য, ১৯৮০ সালে চালু হওয়া দেশের প্রধান আন্তর্জাতিক এই বিমানবন্দরটির নাম ১৯৮৩ সালে ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়। পরে ২০১০ সালে তৎকালীন সরকার নাম পরিবর্তন করে ‘হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখে, যা বর্তমানে বহাল রয়েছে।




