ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন

শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এমপিওভুক্ত শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম ও কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে চাঞ্চল্যকর চিত্র দেখা গেছে। ব্যানবেইস অনুযায়ী প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রয়েছেন ১৬ জন। অথচ রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাত্র একজন শিক্ষার্থীকে একটি শ্রেণিকক্ষে পাঠদান করছেন পাঁচজন প্রভাষক।

প্রতিষ্ঠানটিতে মোট কতজন শিক্ষার্থী ভর্তি রয়েছে, তা জানতে চাইলে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। ফলে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা এবং নিয়মিত উপস্থিতির বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পাঁচ প্রভাষক একই শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পাঠদান করছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী থাকার পরও শ্রেণিকক্ষে এমন নগণ্য শিক্ষার্থী উপস্থিতি শিক্ষা কার্যক্রমের বাস্তব অবস্থা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা সম্পর্কে প্রভাষক দানিয়েল হোসাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে নিশ্চিত না থাকায় শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ একরামুল হক বলেন, “এখানে যারা ভর্তি হয় সবাই পাথর উত্তোলন করেন যারা তারা আর ট্রলির ড্রাইভাররা। মেয়েরা বাড়িতে থাকলেও প্রতিষ্ঠানে আসে না। শিক্ষার্থীদের ডেকে ডেকে আনা কি সম্ভব? আপনারাই বলেন।” তিনি বলেন, ‘সারা বাংলাদেশে একই অবস্থা, পঞ্চগড়ের এমন কলেজ আছে ভর্তি করানো হয়েছে ২০০জন কলেজে আসে ২০জন।’

তিনি আরও স্বীকার করেন, শিক্ষার্থী উপস্থিতি না থাকায় পাঠদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। এ অবস্থায় তাঁরা যে বেতন-ভাতা পাচ্ছেন, তা হালাল হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। শিক্ষার্থীরা নিয়মিত প্রতিষ্ঠানে না এলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে? প্রতিষ্ঠানটিতে প্রকৃতপক্ষে কতজন শিক্ষার্থী ভর্তি রয়েছে? আর শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত না করেই কীভাবে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম? এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিপরীতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা জরুরি। তাই প্রতিষ্ঠানটির প্রকৃত শিক্ষার্থী সংখ্যা, উপস্থিতির হার এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular