শ্যামনগর (সাতক্ষীরা), নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি বাসা থেকে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের একটি মৎস্য প্রজেক্টসংলগ্ন বাসায় এ অভিযান চালানো হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্না করা হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে বনবিভাগের সদস্যরা সেখানে গিয়ে রান্না করা মাংস জব্দ করেন।
স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগত কিছু শ্রমিক কাজ করছিলেন। তারা প্রায়ই মাংস রান্না করতেন, তবে কী ধরনের মাংস তা কেউ নিশ্চিতভাবে জানতেন না।
প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু দাবি করেন, তার প্রকল্পে বহিরাগত শ্রমিকরা কাজ করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। তিনি বলেন, শ্রমিকরা নিজেদের মতো করে বাজার করে রান্নাবান্না করতেন।
এ বিষয়ে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মশিউর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বনবিভাগ জানায়, সুন্দরবন ও সংরক্ষিত বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




