লক্ষ্মীপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে হুইপ আশরাফ উদ্দীন নিজান, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান
লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘একটি সরকার আসবে, আরেকটি সরকার যাবে—এজন্য বুকের রক্ত দিইনি। রক্ত দিয়েছি রাষ্ট্র মেরামতের জন্য।’ এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দীন নিজান।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার শ্রী শ্রী মহাজন বাড়ি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম আশরাফ উদ্দীন নিজান বলেন, রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিংবা যেগুলোতে ঘুণে ধরেছে, সেগুলো পুনর্গঠন করতে হবে। এই স্বপ্ন নিয়েই দেশের তরুণেরা জীবন দিয়েছেন, বুকের রক্ত দিয়েছেন।
তিনি বলেন, ৫৪ বছর আগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ এবং ধনী-গরিবনির্বিশেষে সবাই যেন সমানভাবে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশা নিয়েই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, আক্ষরিক অর্থে মুক্তি এসেছে। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা এখনো পূর্ণতা পায়নি, বৈষম্যও দূর হয়নি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, ২০২৪ সালে বাংলাদেশের মা-বোন ও তরুণেরা বুকের রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না। একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে—এজন্য তাঁরা রক্ত দেননি। তাঁরা রক্ত দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য।
অনুষ্ঠানে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন এবং শ্রী শ্রী মহাজন বাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি শিবু প্রসাদ দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




