নিউজ ডেস্ক: সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এলে সচিব মো. আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব এ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক দেন।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করণের জন্য কাজ করবে। সরকারের নির্বাচনি ওয়াদা পূরণের জন্য মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন-সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলে মন্তব্য করেন। পরে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।




