নিউজ ডেস্ক: সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা ডিলারদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশে সারের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো এবং সার সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং চালুর পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনার সময় এসব সুপারিশ উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস সংকটের কারণে গত দুই বছরে জামালপুরের যমুনা সার কারখানায় মাত্র তিন দিন উৎপাদন হয়েছে। ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ডিসেম্বর সেখানে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং এর উৎপাদিত সার ১৯ জেলায় সরবরাহ করা হয়।
অন্যদিকে গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়ও দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। ২০২৫ সালের ১ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। কারখানাটির দৈনিক অন্তত ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
এ পরিস্থিতিতে দেশে সার উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পুরোনো সার কারখানাগুলো আধুনিকায়ন করে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি। বন্ধ থাকা সার কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকারের পরিকল্পনাও জানতে চাওয়া হয়েছে।
সার সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে কোথায় কত সার মজুত রয়েছে এবং কোথায় তা যাচ্ছে—এসব তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণের কথাও বলা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের লাইসেন্স বাতিলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনারও সুপারিশ করা হয়েছে।-
এ ছাড়া বীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন বাড়াতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভবিষ্যৎ পরিকল্পনা পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।




