চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘদিন পর প্রভোস্ট ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতদিন উপাচার্যের সুপারিশে এ পদে সদস্য মনোনয়ন দেওয়া হলেও এবার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্ধারণ করা হবে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জুলাই (বুধবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ২৫(১)(বি) ধারা অনুযায়ী উপাচার্য এ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন।
তফশিল অনুযায়ী ২৬ জুন (বৃহস্পতিবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১০ জুলাই (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের শেষ দিন এবং ১৫ জুলাই (মঙ্গলবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
আর ২৩ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের নির্ধারিত ফরম সংশ্লিষ্ট আবাসিক হল ও রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “নিয়ম অনুযায়ী নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অতীতে এটি উপাচার্যের মাধ্যমে হতো, এবার নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”
উল্লেখ্য, সর্বশেষ সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফের সময় প্রভোস্ট ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ। তিনি উপাচার্যের সুপারিশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত তিনজন উপাচার্য পরিবর্তন হলেও এ ক্যাটাগরির পদটি শূন্য ছিল।




