নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশন সদর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মাহিউদ্দিন আহমেদ, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার উর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।
আইএসপিআর জানিয়েছে, প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
গত ১৪ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।



