নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ ঘটনায় সরকারের অবস্থান জানতে চাইলে দুঃখ প্রকাশ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়ার সময় হাতকড়া পরানো হয়নি। এ সময় তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আচরণ দেখে মনে হয়েছে, তারা তাকে প্রটোকল দিচ্ছেন।
লুনা আরও জানান, হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে হাতকড়া পরানো হয়নি। বিষয়টি তাকে মর্মাহত করেছে। এ ঘটনায় গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার কি তার প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না-আইনমন্ত্রীর কাছে সেই ব্যাখ্যা চান তিনি।
জবাবে আইনমন্ত্রী জানান, বিষয়টি তার নজরে এসেছে। যদিও কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত নয়, তারপরও সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। সাক্ষ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্রের ভিত্তিতে ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানে হতাহত হওয়ার প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
এসব অপরাধের তদন্তে সংশ্লিষ্ট এলাকায় তদন্ত দল গেলে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক কর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান আইনমন্ত্রী।



