প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী
বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও নার্সদের পেশাগত দায়িত্ববোধ এবং রোগীর নিরাপত্তা— বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) ব্যবস্থাপনা অত্যন্ত উদ্বেগজনক। কারণ আইসিইউতে ভর্তি রোগীরা সাধারণত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন। তাঁদের প্রতিটি মুহূর্তের পর্যবেক্ষণ, সময়মতো চিকিৎসা, সঠিক ওষুধ প্রয়োগ এবং দক্ষ নার্সিং কেয়ার অত্যন্ত জরুরি।
কিন্তু রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ সেবার মান নিয়ে যেসব অভিযোগ সামনে আসছে, সেগুলো গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
অভিযোগ রয়েছে, আইসিইউতে দায়িত্ব পালনরত কিছু চিকিৎসক ও নার্সের অবহেলা, অসহযোগিতামূলক আচরণ এবং রোগীর স্বজনদের সঙ্গে বিদ্রূপাত্মক মনোভাবের কারণে রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীর শারীরিক অবস্থার পরিবর্তন, ভাইটাল সাইন পর্যবেক্ষণ, সময়মতো চিকিৎসা হস্তক্ষেপ এবং নার্সিং কেয়ারে শৈথিল্য সংকটাপন্ন রোগীর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
আরও উদ্বেগের বিষয়, রোগীর চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে স্বজনেরা জানতে চাইলে কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের বিরূপ প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ রয়েছে। এমনকি অভিযোগের বিষয় উত্থাপন করা হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা রোগীর কাছ থেকে সরে যান।
বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়নে হাসপাতাল পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। এমনকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাসেবার বিভিন্ন অসংগতি ও অসন্তোষের বিষয় তুলে ধরার কথা জানা যাচ্ছে।
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হাসপাতাল পরিদর্শন, অসংগতি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পরও মাঠপর্যায়ে চিকিৎসাসেবার প্রত্যাশিত পরিবর্তন আসছে না।
স্বাস্থ্যমন্ত্রীর আক্ষেপের কথাও আলোচনায় আসছে। কিন্তু শুধু আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্যসেবার পরিবর্তন সম্ভব নয়।
হাসপাতাল পরিদর্শন কোনো আনুষ্ঠানিকতা হতে পারে না। পরিদর্শনের সময় যেসব অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র পাওয়া যায়, সেগুলোর প্রতিটি বিষয়ে পরবর্তী সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
চিকিৎসাসেবা কোনো গোষ্ঠীর কর্তৃত্বে পরিচালিত হবে না।
চিকিৎসক ও নার্সদের পেশাগত মর্যাদা অবশ্যই সম্মানযোগ্য। কিন্তু সেই মর্যাদা রোগীর প্রতি দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।
সরকারি হাসপাতাল জনগণের অর্থে পরিচালিত হয়। এখানে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত। তাঁদের কারও ব্যক্তিগত প্রভাব, পদমর্যাদা কিংবা পেশাগত সংগঠন রোগীর অধিকার খর্ব করার সুযোগ তৈরি করতে পারে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চিকিৎসক ও নার্সদের কোনো গোষ্ঠীগত প্রভাব কিংবা সাংগঠনিক শক্তির কারণে হাসপাতাল প্রশাসন দায়িত্ব পালনে পিছিয়ে থাকলে সেটি অত্যন্ত উদ্বেগজনক।
হাসপাতালের পরিচালক তাঁর প্রতিষ্ঠানের চিকিৎসাসেবার মান নিয়ন্ত্রণ করতে পারছেন না। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত তদারকি করছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন দায়িত্ব পালনের কোন উদ্যোগ চোখে পড়ে না।
একজন আইসিইউ রোগী নিজের জীবন রক্ষার জন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তিনি নিজের অধিকার আদায়ের জন্য কথা বলতে পারেন না, প্রতিবাদ করতে পারেন না। তাঁর হয়ে কথা বলার দায়িত্ব চিকিৎসক, নার্স, হাসপাতাল প্রশাসন এবং রাষ্ট্রের।
প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করছেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তদারকি করছেন, হাসপাতাল পরিচালকও নিজ নিজ দায়িত্বে রয়েছেন। এরপরও যদি রোগী প্রয়োজনীয় চিকিৎসা ও নার্সিং সেবা না পান, তাহলে শুধু দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।
এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ
১. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ সেবার মান নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের সময়সূচি, রোগী পর্যবেক্ষণ, ওষুধ প্রয়োগ এবং নার্সিং ডকুমেন্টেশন যাচাই করতে হবে।
৩. আইসিইউতে প্রতিটি রোগীর ভাইটাল সাইন পর্যবেক্ষণ ও চিকিৎসা হস্তক্ষেপের যথাযথ রেকর্ড নিশ্চিত করতে হবে।
৪. রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের পেশাগত আচরণ এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা কার্যকর করতে হবে।
৫. দায়িত্বে অবহেলা বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
৬. হাসপাতাল পরিদর্শনের পর দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত মূল্যায়ন করতে হবে।
৭. হাসপাতাল পরিচালক থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
পরিদর্শন নয়, চাই দৃশ্যমান পরিবর্তন
সরকারের সদিচ্ছা, মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাসপাতাল পরিদর্শনের প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন একজন সাধারণ রোগী হাসপাতালের বিছানায় নিরাপদ চিকিৎসা ও যথাযথ নার্সিং সেবা পাবেন।
আশ্বাস কিংবা আক্ষেপ নয়, চাই কার্যকর পদক্ষেপ, দৃশ্যমান পরিবর্তন এবং দায়িত্বে অবহেলার নিরপেক্ষ তদন্ত।



