ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এবারের সংসদ নির্বাচনে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে ৩০ দিন পূর্ণ হবে আগামী ১৫ মার্চ। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করতে হয়।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী জমা দেওয়া নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে জমা হওয়া ব্যয়ের রিটার্নের তথ্য ২৫ মার্চের মধ্যে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। এতে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রার্থীকে ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular