নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন–কোনো অর্থ বহন করে না।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা বলেন তিনি।
স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। তাদের অবদান স্মরণ করতে হবে। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল।
প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ কর্মসূচিতে। উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।



