ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ। প্রতিনিধি দল আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়েও আলোচনা করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চুলিক দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অ্যান্ড্রু আর হেরাপ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূসের উদ্দেশে চুলিক বলেন, রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন আপনি, যা সত্যিই প্রশংসনীয়। আঞ্চলিক সহযোগিতা, সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন চুলিক ও অ্যান্ড্রু হেরাপ।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। গতকাল দুপুরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে প্রতিনিধি দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular