আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ৩১ ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। এতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়ালো।
শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে কমপক্ষে ৩১ জন প্রাণ হারান। শুক্রবার ভোরেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ৫৬ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ঢাকা নিউজ/এস



