নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘কোনো শক্তি তা প্রতিহত করতে পারবে না।
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশেষ বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন হয়।
একই সঙ্গে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।
নির্বাচন আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তি এটা প্রতিহত করতে পারবে না। কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না। নির্বাচন হওয়ার মতো যথেষ্ট সহায়ক পরিবেশ আছে।’
রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। সেখানে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হবে। প্রেস সচিব বলেন, বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সমবেদনা জানিয়েছেন। আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্যান্য যারা আহত হয়েছেন তারা যেন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা পান সেই ব্যবস্থা নেবেন। চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরেও পাঠানোর কথা জানিয়েছেন।’
নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে শফিকুল আলম বলেন, ‘হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এ তদন্ত হবে। কমিটির আকার ও কাঠামো পরে জানানো হবে।’
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসকে সরকারের দুর্বলতা বলা হচ্ছে— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এটা সরকারের দুর্বলতা না। আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তিনি নুরের সঙ্গে বছরের বছর রাস্তায় আন্দোলন করেছেন। ব্যক্তিগতভাবে উনি তা (নিন্দা জানানো) বলতেই পারেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আইন উপদেষ্টা ভোকাল ছিলেন।
‘হামলা উদ্দেশ্যপ্রণোদিত’ গণঅধিকার পরিষদের এমন দাবির বিষয়ে প্রেস সচিব বলেন, তদন্ত কমিটি পুরো জিনিস তদন্ত করে দেখবেন।
গণঅধিকার পরিষদের ওপর হামলাকারী সাদা পোশাকের ব্যক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন। বাকিটা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘শুক্রবারের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কি না সেটা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।’ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
ঢাকা নিউজ/এস



