চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের এক শিশুকে ভুল করে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর নাম আলিফা। সে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের বাসিন্দা এমরান হোসেন-এর মেয়ে।
পরিবারের সদস্যদের অভিযোগ, জ্বর নিয়ে আলিফাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন ভুল করে শিশুটির শরীরে প্রয়োগ করেন।
শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার আমার মেয়েকে অন্য রোগীর ভ্যাকসিন দিয়ে দেন। তার আগে থেকেই জ্বর ছিল। এখন আমরা সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত অন্য রোগীর জন্য আনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তবে এতে শিশুটির কোনো ক্ষতি হবে না বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে আকলিমা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বলেন—ঘটনাটি তারা জেনেছেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হবে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। হাসপাতালের সেবার মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।




