নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার ডেপুটি হাইকমিশনার পাওয়ান কুমার তুলশি দাস বাধে।
রোববার গুলশান কার্যালয়ে এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে আলোকপাত করেন। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডেপুটি হাইকমিশনার। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তার দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এ বিষয়ে এফবিসিসিআইর নেতাদের বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা আহ্বান করেন ।
ইন্ডিয়ান ডেপুটি হাইকমিশনার জানান, এই মুহূর্তে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশন দৈনিক অনেক ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।
এফবিসিসিআইর প্রশাসক জানান, বাংলাদেশ-ইন্ডিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। উদীয়মান এবং সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান ।



