অর্থনীতি ডেস্ক: জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির জেরে পরিবহন খাতে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পাঁচ মাসের ব্যবধানে আরেক দফা বাস ভাড়াতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সরকার ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোয় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে দূরপাল্লা ও সিটি পরিবহনের বাসে বাড়তি ভাড়া গুণতে হবে যাত্রীদের।
দূরপাল্লার রুটে বাসে চলতে প্রতি কিলোমিটারে এখন ২০ পয়সা এবং স্বল্প পাল্লা বা সিটি পরিবহন রুটে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বেশি ভাড়া গুণতে হবে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, ‘পরিবহন মালিকদের প্রস্তাব ছিল কিলোমিটার প্রতি অন্তত ৪০ পয়সা বাড়ানোর। তবে কমিটির আলোচনায় এর চেয়ে কম হারে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এখন বিআরটিএর পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ‘
মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।




