ক্রীড়া ডেস্ক: জাপানে চলমান এশিয়ান গেমসে। সেখানে আছেন লাল-সবুজের অসংখ্য প্রতিনিধি। কিন্তু তাদের কারো মুখেই এখন পর্যন্ত ফুটেনি সোনালি হাসি।
অদেখা সেই হাসিটাই হাসতে চান লিটন দাস ও তার দল। আজ (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন জানান, তাদের চোখ স্বর্ণ পদকে।
এশিয়ান গেমসে চোখ রেখে দেশেই প্রস্তুতি সেরেছেন টিম টাইগার্স। প্রস্তুত হয়েছে নিজেদের মধ্যে ম্যাচ খেলে। আজ তেমনই এক লড়াই শেষে লিটন বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলাটাই বড় জিনিস, সঙ্গে এ রকম জায়গায় খেলা এটাও একটা বড় জিনিস। সব সময় (অন্য টুর্নামেন্টে) জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে সোনা জেতার বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন, আমার মনে হয় সব ক্রিকেটার রোমাঞ্চিত।’
লিটন আরও বলেন, ‘একটা জিনিস বলতে পারি যে আমাদের খেলোয়াড়দের অনেক আগ্রহ আছে এটা নিয়ে। কারণ, এই টুর্নামেন্টটা প্রতিবার আসে না। আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা জাতীয় দলে যেকোনো টুর্নামেন্ট এক বছর পরপরই পেয়ে যাবেন। কিন্তু এ খেলাটা খুব রেয়ার (বিরল) হয়। প্রতিটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত আর বড় স্বপ্ন যেটা সেটাই পূরণ করার চেষ্টা করব।’
‘আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি এদিকেই তাকিয়ে আছি। কারণ, ফাইনাল খেললে আপনার একটা সুযোগ থাকবে সোনা জেতার। ক্রিকেটে যে জিনিসটা বলি অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ ধরেই খেলব।’




