ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা‘হেইও হেইও’ ধ্বনিতে মুখরিত ইছামতী নদী

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখরিত ইছামতী নদী

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতী নদীতে হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় মাঝিদের ‘হেইও হেইও’ ধ্বনি, বৈঠার ছন্দ ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।

গোপীনাথপুর মনোপীড় মাজার কমিটির আয়োজনে এ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়। বিকাল ৫টার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি কাটাখালী থেকে বাইচ শুরু হয়। প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে গোপীনাথপুর ইউনিয়নের মনোপীড় মাজারসংলগ্ন খেয়াঘাটে গিয়ে শেষ হয়।

বাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। রঙিন সাজে সজ্জিত নৌকা, মাঝিদের জারি-সারি গান ও বৈঠার ছন্দে তৈরি হয় উৎসবের আমেজ।

দূর-দূরান্ত থেকে অনেকে হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশায় করে আসেন। কেউ কেউ নৌকা ও ট্রলারে করেও বাইচ উপভোগ করেন। নৌকা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। অনেকে মোবাইল ফোনে বাইচের ভিডিও করেন।

ঘিওরের নালী ইউনিয়ন থেকে আসা দর্শক আলম মিয়া বলেন, “দুই বছর পর বাইচ দেখলাম। অনেক মানুষ এসেছে। বৈঠার ‘হেইও হেইও’ তালে বাইচ দেখতে ভালো লাগছে।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য। এ আয়োজনের মাধ্যমে সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular