ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি : বিগত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের অনলাইন বৈঠক এবং ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরাও চাই তিনি এ দেশে ফেরত আসুন এবং বিচারের মুখোমুখি হোন।” সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিচারপ্রক্রিয়ায় আপিলের সুযোগ রয়েছে। তবে সাজা ভোগ করা বা বিচারের মুখোমুখি হওয়া থেকে কেউ রক্ষা পাবেন না।

ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহারের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়া রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এখন রাজনৈতিক স্লোগানকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ করছে। এর মধ্যে একটি রাজনৈতিক গোষ্ঠী সাত মাসের মাথায় সরকার পতনের এক দফা ও লং মার্চের কর্মসূচি দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও বিরোধীরা রাজপথে কর্মসূচি পালন করছে। তাঁদের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এসব কৌশল বুঝে গেছে। তাঁর মতে, চার বছর পর আন্দোলনের যুক্তি থাকতে পারে, কিন্তু সাত মাসের মাথায় এ ধরনের তৎপরতার যৌক্তিকতা নেই।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সরকার প্রথম এক মাস জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ন্যূনতম পরিমাণে দাম সমন্বয় করতে হয়েছে।

সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতে দাম কমানো হবে।

বক্তব্যের শেষে দেশবাসীকে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজপথে রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular