নিউজ ডেস্ক : ঢাকার মোহাম্মদপুর থানার ২৭ মামলার আসামি পিচ্চি রাজার পলায়নের ঘটনায় পুলিশের দায়িত্বপ্রাপ্ত ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই সময় পুলিশ সদস্যদের দায়িত্বের কোন অবহেলা ছিল কিনা তা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরা শেষে গতরাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা।
কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে ফের কাশিমপুর কারাগার-১ এ ফিরিয়ে নেয়া হচ্ছিল। প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় সে।
পুলিশ সূত্র মতে, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৭টি মামলা রয়েছে।




