ঢাকা  বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিগ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, উদ্বেগ সংসদীয় কমিটির

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, উদ্বেগ সংসদীয় কমিটির

অর্থনীতি ডেস্ক: দেশের দুটি গুরুত্বপূর্ণ সার কারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যমুনা সার কারখানায় গত দুই বছরে মাত্র তিন দিন সার উৎপাদন করা সম্ভব হয়েছে।

অন্যদিকে আশুগঞ্জ সার কারখানায় গত ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশে সার উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সভায় বিসিআইসি ও বিএডিসির রাসায়নিক সার উৎপাদন, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস সংকটের কারণে যমুনা ফার্টিলাইজার কারখানায় গত দুই বছরে মাত্র তিন দিন উৎপাদন হয়েছে।

একই কারণে আশুগঞ্জ সার কারখানায় ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় সার সংকট নিরসন ও উৎপাদন ব্যয় কমাতে দেশে সার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চায় কমিটি।

পে-অফ করা সার কারখানাগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া হয়। একই সঙ্গে পুরোনো কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

এসময় সার সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের লাইসেন্স বাতিলের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনার সুপারিশ করা হয়।

পাশাপাশি সার কোথায় কত পরিমাণে মজুদ রয়েছে এবং কোথায় সরবরাহ হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে বীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন বাড়াতে বিএডিসির ভবিষ্যৎ পরিকল্পনা পরবর্তী বৈঠকে বিস্তারিত উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ নাজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular