নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয় থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল একযোগে এ অভিযান চালায়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। কিশোরদের বখাটেপনা ও অপরাধপ্রবণতার অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
পুলিশের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




