ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিককালিনিনগ্রাদ বিচ্ছিন্ন করলে পারমাণবিক হামলা

কালিনিনগ্রাদ বিচ্ছিন্ন করলে পারমাণবিক হামলা

নিউজ ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কড়া ভাষায় সতর্ক করেছে রাশিয়া। কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও প্রস্তুত থাকবে। কালিনিনগ্রাদ বাল্টিক সাগর সীমান্তবর্তী রাশিয়ার একটি ছিটমহল।

ন্যাটোর বিরুদ্ধে ‘বিপজ্জনক ও বেপরোয়া পদক্ষেপের’ অভিযোগ আনা হয়েছে। মস্কো বলছে, এর ফলে সরাসরি সশস্ত্র সংঘাত শুরুর ঝুঁকি তৈরি হয়েছে। এই সংঘাত শুরু হলে প্রথমেই জোটের সদস্য দেশগুলোর নীতি-নির্ধারণী কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে মস্কো।

কূটনৈতিক বার্তায় আরও বলা হয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলো কালিনিনগ্রাদকে রাশিয়া থেকে বিচ্ছিন্নের চেষ্টা করতে পারে। এমনটি হলে নিজ ভূখণ্ড রক্ষায় মস্কো সব ধরনের ব্যবস্থা নেবে। প্রয়োজনে হাতের নাগালে থাকা পারমাণবিক অস্ত্রসহ পুরো অস্ত্রভাণ্ডার ব্যবহার করতেও প্রস্তুত থাকবে।

কালিনিনগ্রাদে রাশিয়ার ব্যাপক পরিমাণ সামরিক উপস্থিতি আছে। এটি পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত। আয়তনে যুক্তরাষ্ট্রের কাটেকটিকাট অঙ্গরাজ্যের চেয়ে বড়। মস্কোর দাবি, ‘ভূখণ্ডটির ওপর ন্যাটোর হুমকি ক্রমশ বাড়ছে।’ বিষয়টি নিয়ে রাশিয়া নিজেও যে উদ্বেগের মধ্যে আছে তা ওই সতর্কবার্তার মাধ্যমে স্পষ্ট হলো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুখপাত্র মারিয়া জাখারোভা একটি নিবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তিনি ন্যাটো দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিভিন্ন বিবৃতি তুলে ধরেছেন। জাখারোভা লিখেছেন, এসব বিবৃতিতে ‘রুশ-ভীতি’ ও মস্কোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতির কথা প্রকাশ পেয়েছে।

জাখারোভা লিখেছেন, ‘আশা করি, যাদের উদ্দেশে আমাদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারা এটি শুনতে পাবেন।’ তিনি বলেন, ‘ইউরোপ যদি রাশিয়ায় হামলা চালায়, তবে সেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি যুদ্ধ হবে। খুবই সংক্ষিপ্ত এক যুদ্ধ।’

ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, রাশিয়ার বার্তার কড়া জবাব দিয়েছে তাঁদের জোট। এতে ন্যাটো বলেছে, ‘আমরা একটি আত্মরক্ষামূলক জোট। আপনারা পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করুন। এ ধরনের হুমকির কোনো প্রয়োজন নেই। এটি কোনো কাজেও আসবে না।’

জোটটি বলছে, ন্যাটোর কোনো সামরিক মহড়া বা কার্যক্রম রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডের বিরুদ্ধে হুমকি নয়।

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোনিউজ আয়োজিত এক প্রতিরক্ষা সম্মেলনে মার্ক রুটের কাছে জানতে চাওয়া হয়- বাল্টিক দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কি আসলেই আছে? জবাবে তিনি বলেন, ‘না, এমন কোনো ঝুঁকি নেই। পুতিন ভালো করেই জানেন, তিনি ন্যাটোর বিরুদ্ধে কখনই জিততে পারবেন না। তাই বিষয়টিকে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular