ঢাকা  বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসবিশ্ব ইজতেমার সময় স্থানীয় নির্বাচন নয়, ইসিকে আলেম-ওলামাদের চিঠি

বিশ্ব ইজতেমার সময় স্থানীয় নির্বাচন নয়, ইসিকে আলেম-ওলামাদের চিঠি

নিউজ ডেস্ক: আগামী জানুয়ারিতে দুই দফায় অনুষ্ঠেয় টঙ্গী বিশ্ব ইজতেমার সময়ের মধ্যে গাজীপুরে কোনো স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছেন আলেম-ওলামারা। ইজতেমার সময়সূচি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান, তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা এবং মাদরাসা উলুমী দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল মোহাম্মদ জুবায়ের।

চিঠিতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মুসল্লি টঙ্গীতে সমবেত হবেন। তাই গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে বিশ্ব ইজতেমার তারিখ বিবেচনায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তবতার প্রেক্ষাপটে আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিশ্ব ইজতেমার সময় নির্বাচন হলে যাতে এর কোনো ধরনের প্রভাব না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

কর্মকর্তারা বলেন, বিশ্ব ইজতেমার ওপর স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রভাব পড়বে না-এভাবেই সময়সূচি নির্ধারণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular