নিউজ ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম ধীরগতিতে চলছে, সেগুলোর কারণ অনুসন্ধানের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে নাগরিক সেবা সহজ ও দ্রুত করা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতালসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে ‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারি কাজে অসহযোগিতা বা অবহেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি সরকারের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেয় কমিটি।
সভাপতি সাঈদ আহমেদ বলেন, ‘কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব প্রতিবন্ধকতা থাকলে তা কমিটির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। প্রয়োজনীয় তথ্য ও নথি গোপন না করে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারি কর্মচারীরা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নন- তারা প্রজাতন্ত্রের কর্মচারী। নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’




