নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান তিনি।
দিনব্যাপী সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে।
রংপুরের কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর থেকে রাজশাহী যাবেন তারেক রহমান। দুপুর সোয়া ১টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন। এরপর চট্টগ্রামে গিয়ে বিকেল সাড়ে ৫টায় রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের নীতি—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।-
চট্টগ্রামের কর্মসূচি শেষে রাত পৌনে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ফেরার কথা রয়েছে।



