‘সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবার পরিচয় বাংলাদেশি’; মাদক নির্মূলে দলের কাউকে ছাড় দেওয়া হবে না
টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি। বিএনপির আদর্শও হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। দেশকে বুকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তাঁরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করছেন, আর সরকার তাঁদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী আজ দেশের তিনটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য এবারও অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার বরাদ্দও বাড়ানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের দ্বারা দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে তাতে কোনো লাভ হয়নি। সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার মধ্য দিয়ে মাদক নির্মূলের কাজ শুরু করতে চান তিনি, যাতে সারা দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাঁকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দলের নেতারাও এ বিষয়ে সোচ্চার রয়েছেন বলে জানান তিনি।
মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



