ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনআহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে হাজারো দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে হাজারো দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

বিনোদন ডেস্ক: গুজরাটের আহমেদাবাদে ৮৯তম শারদীয়া দুর্গোৎসবের বর্ণাঢ্য আয়োজনে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশের চট্টগ্রামের ছেলে অভ্র বড়ুয়া।

১৮ অক্টোবর, রবিবার দ্বিতীয় সপ্তমীর সন্ধ্যায় আহমেদাবাদ কালীবাড়ির দুর্গাপুজোর মঞ্চে টানা দুই ঘণ্টা বাংলা গান, লোকসংগীত ও কীর্তন পরিবেশন করেন তিনিসহ দশ শিল্পী। তাঁর পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে মঞ্চ ও দর্শকসমাগম। সেই সঙ্গে তার সাথে তবলায় সঙ্গত করে চট্টগ্রামের আরেক শিল্পী প্রীতম নন্দী।

আহমেদাবাদের শিল্পী শ্বেতা কর্মকার এর সংগীত পরিচালনায় বিভিন্ন ধারার বাংলা গান পরিবেশনের মধ্য দিয়ে তিনি দর্শকদের সঙ্গে এক আবেগঘন সংযোগ তৈরি করেন। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।

বাংলাদেশি আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভ্র বড়ুয়া বর্তমানে গুজরাট বিশ্ববিদ্যালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। প্রবাসে থেকেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক এই পরিবেশনার মধ্য দিয়ে আরও একবার প্রকাশ পেয়েছে।

অনুষ্ঠানে আইসিসিআর আহমেদাবাদের সাব-জোনাল পরিচালক সুভাষ সিং সস্ত্রীক উপস্থিত হন। আহমেদাবাদ কালীবাড়ির ৮৯তম শারদীয়া দুর্গোৎসবের এই আয়োজন শুধু ধর্মীয় উৎসবের আবহেই সীমাবদ্ধ থাকেনি, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মিলনক্ষেত্রেও পরিণত হয়েছে। সেই মঞ্চে চট্টগ্রামের তরুণ অভ্র বড়ুয়ার বাংলা গান পরিবেশনা প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল উপস্থিতি তুলে ধরে।

অনুষ্ঠান শেষে অভ্র জানান, দীর্ঘ দুই মাসের প্রস্তুতি ও মহড়ার পর দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। আহমেদাবাদ কালীবাড়িকে এই আয়োজনের অংশ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দর্শকদের উৎসাহ ও ভালোবাসাই আগামী দিনে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular