ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভালে এক দিনে সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই ম্যাচেই নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় পায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
বুধবার (২৮ অক্টোবর) সকালের ম্যাচে সিশেলসের বিপক্ষে খেলার শেষ পাঁচ মিনিট আগে গোল হজম করে সমতায় থাকা বাংলাদেশ টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায়। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এরপর বিকেলের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করে দলটি।
ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বৈশ্বিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। এতে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রাথমিক গ্রুপ ছিল ‘সি’, যেখানে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে ছিল দলটি। গ্রুপের অবস্থান অনুযায়ী সমপর্যায়ে থাকা দলগুলোর মধ্যে নকআউট পর্বের খেলা হচ্ছে। এই পর্ব থেকে ছয়টি চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।



