ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধ২০ টাকার নকলে ১৯০০ টাকা, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফের হুমকি

২০ টাকার নকলে ১৯০০ টাকা, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফের হুমকি

নিজস্ব প্রতিবেদক : ‎লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি ২০ টাকার নকলের জন্য ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে আবারও ফোনে হুমকি দিয়েছেন শেখ আনোয়ার হোসেন আকাশ নামে এক ব্যক্তি। ভূমি অফিসের দালালদের দৌরাত্ম্য নিয়ে ধারাবাহিক অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। এ সময় মামলা ও জিডি করেও তার কিছু করা যাবে না বলে দম্ভোক্তি করেন। পাশাপাশি সাংবাদিককে ‘ভয়ংকর পরিণতি’র হুমকি দেন আনোয়ার।
‎
‎রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৩৩ মিনিটে ফোন করে আনোয়ার সম্প্রতি প্রকাশিত ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামের সংবাদ এবং লালবাগ এসি ল্যান্ড কার্যালয়ে দালালদের বিষয়ে অনুসন্ধানের প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি বলেন, ‘তুমি কোন চ্যাটের বাল, বড় বড় সাংবাদিক, সিটি সাংবাদিক! এর আগেও আমি তোমাকে হুমকি দিয়েছি, তুমি সেজন্য জিডি করেছো—এগুলোতে আমার কিছু হয়েছে?’
‎
‎তিনি আরও বলেন, লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে সাংবাদিক কেন পাঁয়তারা করছেন এবং কাঁটাবনে লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে কেন সংবাদ প্রকাশ করছেন? জবাবে সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, এর আগেও আপনি হুমকি দিয়েছিলেন, এ কারণে থানায় জিডি করেছিলাম, মামলা করিনি। এটা কি আমার ভুল হয়েছে?
‎
‎এ কথা শুনে আনোয়ার বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি বলেন, ‘তোকে এসবকিছুর জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন এবং তার নামে সংবাদ প্রকাশ করাবেন বলেও হুমকি দেন তিনি।
‎
‎গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পরও দালালচক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রেখেছেন প্রতিবেদক।
‎
‎সাংবাদিক মো. জহিরুল ইসলাম বলেন, ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করছেন। কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এসব প্রতিবেদন করা হয়নি। কিন্তু সংবাদ প্রকাশের জেরে একই ব্যক্তির কাছ থেকে বারবার হুমকি পেতে হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎উল্লেখ্য, এর আগে লালবাগ তহশিল অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের জেরে শেখ আনোয়ার হোসেন আকাশ তাকে ফোনে গালাগাল ও হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ওই হুমকির ঘটনা নিয়ে ২০২৬ সালের ৯ মার্চ দৈনিক যুগান্তরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular