নিউজ ডেস্ক: দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালু ও বেকারত্ব নিরসনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্বারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে তারা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আমাদের জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। কোনো ধরণের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছি আমরা এবং আমাদের পরিবার।’
‘কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে আমাদের রুটি রুজির জায়গা, কল-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে মালিক পক্ষের দফায় দফায় বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি।’
শ্রমিক-কর্মচারীরা জানান, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুরের হঠকারী সিদ্ধান্তে ব্যাংকগুলো কোনো নিয়মনীতি না মেনে কারখানাগুলোর লোন হিসাব বন্ধ করে দেয়। ফলে চলতি মূলধন ও কাঁচামাল সংকটে কারখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় মালিকপক্ষ। যেদিন সরকার কারখানার লোন হিসাব এবং ব্যবসায়িক হিসাবসহ অন্যান্য হিসাব খুলে দেবেন সেদিনই কারখানা খুলে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তারা।
স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার ১০ মাস হতে চলল। এ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বন্ধ কল-কারখানা খুলে দেওয়া, যার কিছু নমুনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি, খেলাপি হওয়া স্বত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক আইনের ধারা স্থগিত রেখে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের কারখানার কোনো লোন ৫ আগস্ট ২০২৪ সালের আগ পর্যন্ত খেলাপি ছিল না। ব্যাংকগুলোর অসহযোগিতা ও অপেশাদার কার্যক্রমের কারণে দেশের শীর্ষ শিল্পগ্রুপটি আজ মৃতপ্রায়। আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে মালিকপক্ষের সঙ্গে দেনদরবার করে আসলেও বর্তমান অবস্থায় পরিষ্কার বুঝেছি, সরকার না চাইলে আমাদের কারখানা সচল হয়ে কাজে ফিরে যাওয়া অসম্ভব।
প্রধানমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা যে ৫টি দাবি জানিয়েছেন, সেগুলো হলো-
১) এস আলম গ্রুপের বন্ধ হওয়া সব কারখানা অবিলম্বে খুলে দিয়ে হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে।
২) কারখানা চালুর পর পূর্বে কর্মরত সব শ্রমিকদের কাজে যোগদান করাতে হবে এবং কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না।
৩) কারখানার উৎপাদনের স্বার্থে ব্যংক হিসাব ও লোন হিসাব সংক্রান্ত সব জটিলতা অতি দ্রুত নিরসন করে কারখানা চালু ও নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতের জন্য ব্যাংক কর্তৃক পর্যাপ্ত চলতি মুলধন যোগান নিশ্চিত করতে হবে।
৪) রাজনৈতিক কারনে যেন কোনো শিল্প-কারখানা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।
৫) এক সপ্তাহের মধ্যে সরকারের প্রতিনিধি, মালিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিকপক্ষের প্রতিনিধির সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করে উপরোক্ত দাবি মানতে হবে।
এস আলম গ্রুপের চাকরিহারা শ্রমিক-কর্মকর্তাদের পক্ষে স্বারকলিপিতে স্বাক্ষর করা ফোরকান বাবু খবরের কাগজকে বলেন, ‘আমাদের যৌক্তক দাবিসমূহ মেনে নিয়ে এস আলম গ্রুপের অন্তর্ভুক্ত সকল বন্ধ কল-কারখানা খুলে দেওয়া এবং চাকুরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার বেকারত্ব নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’
স্বারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এই শ্রমিক-কর্মকর্তারা দক্ষ জনশক্তি। এরা দেশের সম্পদ। এদের কাজের সুযোগ করে দিলে দেশের উপকার হবে। এজন্য আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।’
এর আগে কর্মকর্তা-কর্মচারীরা নগরীর মইজ্যারটেক এলাকা থেকে বিশাল শান্তিপূর্ণ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। মিছিলে হাজারের অধিক চাকরিহারা কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় তারা বন্ধ কারখানা চালু ও চাকরি ফিরে পাওয়ার জোর দাবি জানান। তাদের হাতে ছিল বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্লেকার্ড।



