কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় মরক্কোর ঐতিহাসিক ‘গ্লোরিয়াস গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি বলেন, গ্রিন মার্চ মরক্কোর ইতিহাস ও জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশটির ঐতিহাসিক ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতীয় পরিচয়ের সঙ্গে এ দিবসের গভীর সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, মরক্কোর সংস্কৃতি দেশটির জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ভাষা, কবিতা, সংগীত, পোশাক ও ঐতিহ্যবাহী রীতিনীতির মধ্য দিয়ে দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকাশ পায়। বিশেষ করে সাহরাওয়ি তাঁবু ও ঐতিহ্যবাহী পোশাক মরক্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বতন্ত্র পরিচয় বহন করে।
বাংলাদেশের সঙ্গে মরক্কোর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে মরক্কোর ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অতিথিরা মরক্কোর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং দেশটির সাংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
আয়োজনে মরক্কোর ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার মধ্য দিয়ে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
/মাহমুদ/



