নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন উপদেষ্টা।



