ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বিগত সরকারের আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রি- পেইড মিটার স্থাপনের প্রকল্প বাতিলের দাবীতে ভৈরবে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি পেশ করা হয়েছে।
ভৈরব চেম্বার অব কমার্সের উদ্যোগে শনিবার পেশাজীবি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় সড়ক প্রদক্ষিণ করে নাজমুল হাসান পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রি- পেইড মিটার স্থাপনের প্রকল্প বাতিল এবং স্থগিত করতে হবে। কারন বর্তমানে ব্যবসা- বাণিজ্যে মন্দাভাব চলছে। ব্যবসায়ী ও সাধারন মানুষের চরম দূরাবস্থা। এমতাবস্থায় প্রি-পেইড মিটার মরার উপর খাড়ার ঘাঁ। প্রি- পেইড মিটার স্থাপন করা হলে কল কারখানা বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক – মালিক বেকার হয়ে যাবে। তাই অন্তবর্তী সরকার যেন প্রি- পেইড মিটার বাতিল করে । পরে তারা বিদ্যুৎ উন্নয়ন বোডের চেয়ারম্যান বরাবর স্মারক লিপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভৈরব বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী কাছে অনুলিপি প্রদান করেন ।



