ঠাকুরগাঁও প্রতিনিধি: আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ডামি সরকার হওয়ার কারণে দলটি এক ফুঁৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগ আত্মস্বীকৃত খুনি একটি দল, খুনের হুঙ্কার তারা দিয়েই চলেছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে।
সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।



