স্টাফ রিপোর্টার: MTFE, ইউনিপে, যুবক ও X-FUSION TAG MARKETS-এর বিতর্কের পর এবার আলোচনায় এসেছে avrixlabs.online (ক্রস মার্কেট)। প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ফরেক্স ট্রেডিং, এআই-নির্ভর ট্রেডিং এবং Binance, USDT ও Bitcoin-এর মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে নিঃস্ব করা হচ্ছে। প্রতি ১ হাজার ডলার বিনিয়োগে মাসে ১২০ থেকে ১৫০ ডলার আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এর আগে BrottBro, BrottBro Alpha, Cross Market AI ও avrixlabs.com-সহ বিভিন্ন নামে কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।
অভিযোগে ভারতের নাগরিক লাভিস চৌধুরীসহ বাংলাদেশের অন্তত ২০ জনের একটি নেটওয়ার্কের কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মো. ইলিয়াস সরদার, মহিউদ্দিন জামিল, মেহেদী হাসান, চায়না মামুন, কালা সবুজ, সোহেল রানা, নিরব হোসেন মালেক, মো. মিজান, মো. বাহার উদ্দিন, মো. হাবিবুল্লাহ, নাজমুল ও আক্কাস।
বিভিন্ন সূত্রের দাবি, তাঁদের কয়েকজন অতীতে একাধিক বিতর্কিত বিনিয়োগ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে avrixlabs.online-এর মাধ্যমেও বিপুল অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
অভিযোগ রয়েছে, অধিক মুনাফার আশায় অনেক মানুষ ব্যাংকের ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র ভেঙে, এমনকি গরু-ছাগল ও জমিজমা বিক্রি করে বিনিয়োগ করছেন। প্রতি ১ হাজার ডলারে মাসিক ১২০ থেকে ১৫০ ডলার আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা মাসে ১২ থেকে ১৫ শতাংশ মুনাফার সমান।
এদিকে Binance, USDT ও Bitcoin-এর মাধ্যমে সংগৃহীত অর্থ দেশের বাইরে স্থানান্তরের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মটি প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন নামে ওয়েবসাইট পরিবর্তন করে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের হস্তক্ষেপের দাবি :অভিযোগে বাংলাদেশ ব্যাংক, সিআইডি, ডিবি ও বিটিআরসির নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন হোটেলে সেমিনার ও ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অভিযোগও রয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
সাধারণ বিনিয়োগকারীদের দাবি, avrixlabs.online-এর কার্যক্রম ও আর্থিক লেনদেন দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। অনিয়ম বা প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হোক।
সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বিনিয়োগকারীরা।



