নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ না করায় কালু মিয়া (শ্রমিক) নামের এক ব্যক্তিকে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সর্দার ইসমাইল হোসেনের নাম জানা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ারহাট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী কালু মিয়া কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা।
স্থানীয় ও স্বজনদের অভিযোগ, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় কালু মিয়াকে ইটভাটায় কাজে নেয় ইসমাইল হোসেন। তিনি চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করছিলেন। পরে অসুস্থ হয়ে বাড়ি ফিরে শ্বশুরবাড়িতে অবস্থান করেন।
বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে ধরে নিয়ে আসা হয় বলে অভিযোগ করা হয়। এরপর ফজুমিয়ারহাট এলাকার একটি অফিসে নিয়ে তার দুই হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে কাজে ফেরার বিষয়ে চাপ দেওয়া হয়।
পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে মুচলেকা নিয়ে শ্বশুরবাড়ির জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্বজনরা।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, “কালুকে ৮০ হাজার টাকায় কাজে নেওয়া হয়েছিল। সে নিয়মিত কাজ করছিল না। তবে তাকে ঝুলিয়ে রাখলেও তেমন মারধর করা হয়নি, শুধু ভয় দেখানো হয়েছে।”
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



