ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedইসলামাবাদে রেড অ্যালার্ট জারি

ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে শহরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

রববার (১১ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সব পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার বা ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (এসএইচও) সরাসরি মাঠপর্যায়ে থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর যেকোনো স্থানে অনুমতি ছাড়া ব্যানার প্রদর্শন, জনসমাগম কিংবা নিষিদ্ধ কোনো কার্যক্রমের খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।

এ ছাড়া ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রেড জোনে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ সীমিত করা হয়েছে।

বর্ধিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভবনগুলোতে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির ঘোষণার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে এ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

প্রদেশটির অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরোধিতা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

তবে ইসলামাবাদে রেড অ্যালার্ট জারির সুনির্দিষ্ট কারণ, সতর্কতার মেয়াদ এবং সম্ভাব্য কোনো কর্মসূচিকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: জিও নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular