বিনোদন ডেস্ক : দীর্ঘ বছর পর পর্দায় জুটি বাঁধছেন শোবিজ দুনিয়ার দুই তারকা শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। নতুন ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’তে একসঙ্গে দেখা যাবে তাদের।
ওয়েব সিরিজটি শাহরিয়ার নাজিম জয় নিজেই পরিচালনা করছেন। ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’-এ প্রবাদ বাক্যের ওপর নির্ভর করেই ওয়েব সিরিজটি তৈরি করা হবে।
জানা যায়, তিন পর্বে নির্মিত হবে ‘পাপকাহিনি ২’। সিরিজের গল্প প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, গল্পটা সুন্দর। এমন একটি গল্পে অভিনয় করা একজন পেশাদার শিল্পী হিসেবে আমার জন্য দারুণ আনন্দের।
এদিকে ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম নাটক ‘বিয়ের আংটি’তে অভিনয় করেন কুসুম। ওই নাটকে তার সহশিল্পী ছিলেন জয়। পুরনো স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, জয় আর আমি তো একই সময়ে শুরু করেছি বলা যায়। পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হচ্ছে ‘পাপকাহিনি ২’। জয়, কুসুম ছাড়াও ওয়েব সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনা।
এ মাসের শেষ সপ্তাহেই শুরু হবে শুটিং। চলতি বছর রোজার ঈদে মুক্তি পাবে সিরিজটি।




