ক্রীড়া ডেস্ক: ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ–ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়েছেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।
আজ (২৮ অক্টোবর) ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।
এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই স্বর্ণপদক জয়।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকল আর্চার, কোচ, কর্মকর্তা ও সহযোগীদের অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চারদের আরও সাফল্য কামনা করছে।



