আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে জাতীয় পতাকা ওড়াও মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়।
এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। গত ১০ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়েছিল।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার পতাকা তোলার কর্মসূচি দিয়েছিল সিজেপি। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের পর তাদের আটক করা হয়। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর আগের দিন আগে যন্তর মন্তরে বিক্ষোভে কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে দিল্লি পুলিশ।
শুক্রবার মিছিলের আগে দিল্লি পুলিশ দীপকের বাড়িতে গিয়ে তাকে কর্মসূচি না করার বিষয়ে একটি নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
নোটিশে আরও বলা হয়, প্রস্তাবিত পতাকা ওড়াও কর্মসূচির জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেয়া হয়নি। অনুমতি ছাড়া মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং জনসমাগম করা নিষেধাজ্ঞার লঙ্ঘন। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৩১ বছর বয়সী সিজেপি নেতাকে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন-সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়েও সতর্ক করা হয়।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বাড়ির বসার ঘরে বসে থাকা দীপকে পুলিশের এক সদস্যকে প্রশ্ন করছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?’
এ সময় কাচের টেবিলে রাখা কাগজপত্র পরীক্ষা করে সেগুলোর বিভিন্ন অংশ পড়ে শোনাতে এবং পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে দলটি।
সূত্র: NDTV




